১০ নম্বর ওয়ার্ডে ব্রাউন সুগার-সহ যুবক গ্রেফতার, নেশার কারবারের অভিযোগে তদন্তে পুলিশ!

কোচবিহার: জনসংযোগ কর্মসূচি চলাকালীন ব্রাউন সুগার-সহ এক যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডে।

বিজেপি নেতৃত্বের হাতে আটক হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।

উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রীর উৎস ও এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন বিজেপির জেলা শহর সভাপতি দীপা চক্রবর্তী-সহ ১০ নম্বর ওয়ার্ডের দলীয় নেতৃত্ব এলাকায় জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছিলেন। বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় এক যুবকের গতিবিধি তাঁদের সন্দেহজনক বলে মনে হয়।

বিজেপি নেতৃত্বের দাবি, ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তার কাছ থেকে ব্রাউন সুগার-সহ বেশ কিছু নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয় বলে অভিযোগ।

জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক নেশাজাতীয় সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলেও দাবি বিজেপি নেতৃত্বের।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানায় খবর দেন বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রী এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট বাড়িতে নিয়মিত মদ ও গাঁজার আসর বসত। পরে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটও উপস্থিত হন।

পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রী কোথা থেকে এল ও এর সঙ্গে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের সঙ্গে আরও কেউ এই কারবারে যুক্ত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here