NJP স্টেশনে লাগেজে লুকিয়ে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল GRP, উদ্ধার ৩৭ কেজির বেশি গাঁজা!

শিলিগুড়ি: ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই নিউ জলপাইগুড়ি স্টেশনে সেই পরিকল্পনা ভেস্তে দিল রেল পুলিশ। যৌথ অভিযানে প্রায় ৩৭ কেজি ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতের নাম অজয় কুমার সিং (৪২)। তিনি বিহারের ভোজপুরের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে অভিযান চালানো হয়। স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে অজয়কে আটক করেন পুলিশকর্মীরা।

এরপর তাঁর সঙ্গে থাকা একটি পিঠব্যাগ ও একটি লাগেজ ব্যাগে তল্লাশি চালানো হয়।

ব্যাগ খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ওজন করে দেখা যায়, মোট ৩৭ কেজি ৫৮০ গ্রাম গাঁজা রয়েছে।

উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নাগাল্যান্ডের ডিমাপুর থেকে গাঁজা নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছিলেন ওই ব্যক্তি।

এরপর ট্রেনে করে বিহারে মাদক পাচারের পরিকল্পনা ছিল তাঁর। তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান।

মঙ্গলবার ধৃতকে রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত ও উদ্ধার হওয়া গাঁজা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে জিআরপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here