বিজেপি-এবিভিপির বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদ মিছিলের ডাক সিপিআইএমের
জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে সিপিআইএমের জেলা কার্যালয় ‘সুভাষ সেন ভবনে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ সিপিআইএমের। ঘটনার জন্য বিজেপি ও এবিভিপির দিকে অভিযোগের আঙুল তুলেছে বাম দলটি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
সিপিআইএমের দাবি, সোমবার বিকেলে এবিভিপি ও এসএফআই সমর্থকদের মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে। তারই জেরে রাতে একদল দুষ্কৃতী সুভাষ সেন ভবনে হামলা চালায়। কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় ও দলীয় লাল পতাকাতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরও অভিযোগ উঠেছে।
সিপিআইএমের দাবি, সংঘর্ষে সদর এরিয়া সম্পাদক দেবরাজ বর্মন-সহ জেলা, ছাত্র ও যুব সংগঠনের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। দলের পক্ষ থেকে আহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর সিপিআইএমের জেলা সম্পাদক পীযুষ মিশ্র হামলার তীব্র নিন্দা করেন।
তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে ও এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টেয় সুভাষ সেন ভবন থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের ডাক দিয়েছে সিপিআইএম। জেলা জুড়েও প্রতিবাদ কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। তবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিয়ে পুলিশের বক্তব্য এদিন রাত পর্যন্ত জানা যায়নি।















































