বাঁকুড়া: বাঁকুড়ার সোনামুখীতে দামোদর নদের চর থেকে ফের উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার শেল। ডিহিপাড়া এলাকার দামোদর নদের চরে মাটিতে কিছুটা গেঁথে থাকা অবস্থায় ধাতব সিলিন্ডার আকৃতির বিশাল বস্তুটি দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। সেটি মর্টার শেল বলে সন্দেহ হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ।
দুর্ঘটনা এড়াতে পুলিশ শেলটির চারপাশ ঘিরে ফেলে ও সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে সেনাবাহিনীকে। শেলটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের অপেক্ষা করা হচ্ছে।
দামোদরের চর থেকে এই ধরনের মর্টার শেল উদ্ধারের ঘটনা অবশ্য নতুন নয়। বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায়, কখনও দ্বারকেশ্বর নদে আবার কখনও দামোদরের চরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বলে সন্দেহভাজন মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে। কয়েক বছর আগে সোনামুখী থানার ডিহিপাড়া এলাকাতেই দামোদরের চর থেকে তিনটি মর্টার শেল উদ্ধার হয়েছিল। সে সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করেন।
এবার একই এলাকায় ফের মর্টার শেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
তাঁদের দাবি, দামোদর নদের চরেই যদি বারবার এমন বিস্ফোরক পাওয়া যায়, তাহলে নদীর বুকে আরও মর্টার শেল পড়ে থাকার সম্ভাবনা রয়েছে।
নদীর উপরেই এলাকার বহু মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। ফলে ভবিষ্যতে কোনও দুর্ঘটনা এড়াতে দামোদর নদ ও সংলগ্ন চর এলাকায় প্রশাসনের তরফে বিশেষ তল্লাশি চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।















































