নির্মাণ সংস্থার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় আতঙ্ক এলাকায়!

শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ীর সিপাইপাড়া এলাকায় একটি নির্মাণ সংস্থার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় গোডাউনের বেশ কিছুটা অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় একটি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। পরে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামে।

অগ্নিকাণ্ডের জেরে গোডাউন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। গোডাউনের আশপাশে একাধিক বাড়ি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ বাহিনী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার পর দমকলের একটি ইঞ্জিন দিয়ে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চললেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। তাঁদের দাবি, দ্রুত পর্যাপ্ত সংখ্যক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলে আগুনের ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতো।

এলাকাবাসীর আরও অভিযোগ, এত বড় নির্মাণ সংস্থার গোডাউনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

শেষ পর্যন্ত দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here