নন্দকুমার: মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়া ও সরকারি কাজের বরাত দেওয়ার নাম করে প্রায় ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল বিজেপির এক মণ্ডল স্তরের নেতার বিরুদ্ধে।
ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নন্দকুমার ১ নম্বর মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণকে। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ করণের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে তিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় চাকরি পাইয়ে দেওয়া ও সরকারি কাজের বরাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেন। সব মিলিয়ে প্রতারণার অঙ্ক প্রায় ৬ কোটি টাকা বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের মধ্যে রয়েছেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রিপুঞ্জয় প্রামাণিক।
তাঁকে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ।
সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর কলকাতার একটি হোটেলে তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে দাবি।
সেই টাকা এখনও ফেরত পাননি বলে অভিযোগ তাঁর। একইভাবে অন্য এক বিজেপি নেতার কাছ থেকেও ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১১ নভেম্বর রিপুঞ্জয় প্রামাণিক নন্দকুমার থানায় অভিজিৎ করণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
রবিবার তদন্তকারী আধিকারিক সন্তু সাঙ্কি তাঁকে পূর্ব মেদিনীপুরের সিজেএম আদালতে পেশ করেন।
বিচারক ধৃতকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অভিযোগকারী রিপুঞ্জয় প্রামাণিকের দাবি, মুখ্যমন্ত্রীর নাম ও প্রভাব খাটিয়ে অভিযুক্ত বিভিন্ন জায়গায় টাকা তুলেছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একাধিক ব্যক্তি তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে টাকা দিয়েছিলেন। পরে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রতারণার বিষয়টি সামনে আসে।
জানা গিয়েছে, দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরেও অভিজিৎ করণের যাতায়াত ছিল। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগের বিষয়টিকে সামনে রেখেই তিনি বিভিন্ন ব্যক্তিকে প্রভাবিত করতেন বলে অভিযোগ।
সম্প্রতি প্রতারিত কয়েকজন বিষয়টি স্থানীয় বিধায়ক ও রাজ্য নেতৃত্বের নজরে আনেন।
সেখান থেকে অভিযোগ পৌঁছয় মুখ্যমন্ত্রীর কাছেও। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিকে, শনিবার মুখ্যমন্ত্রী কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে নন্দকুমারে দাঁড়িয়ে স্থানীয় থানার ওসি দিলীপকুমার গুপ্তার কাছে অভিযুক্তের বিষয়ে খোঁজ নেন বলে জানা গিয়েছে। ওসি তাঁকে গ্রেপ্তারের বিষয়টি জানান।
অন্যদিকে, আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ করণ।
তাঁর দাবি, তিনি বিজেপির মণ্ডল কমিটির সহ-সভাপতি ও তাঁকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
বর্তমানে পুলিশ হেফাজতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিপুল অঙ্কের টাকা প্রতারণার অভিযোগের পিছনে আর কারা জড়িত, কতজন প্রতারিত হয়েছেন ও অর্থের লেনদেন কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।














































