শিলিগুড়ি: একদিনের উত্তরবঙ্গ সফরে এদিন রাজ্যে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সফরকে ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক বিষয় ও বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক সূত্রে খবর, মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে কালিম্পংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি।
কালিম্পং টাউন হলে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর হেলিকপ্টারে করে শিলিগুড়িতে ফিরবেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যার কাছে ভিডিওকন গ্রাউন্ডের হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে উত্তরকন্যায় পৌঁছবেন তিনি।
দুপুর থেকে উত্তরকন্যায় অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক। বৈঠকে উত্তরবঙ্গের প্রশাসনিক পরিস্থিতি, সরকারি প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি ও ভবিষ্যতে বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়েও বিশেষ আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
প্রশাসনিক বৈঠক শেষে বাগডোগরা বিমানবন্দরে ফিরে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।















































