জঙ্গলে ৫ বিরল প্রাণী! ওরাংওটাং ঘিরে রহস্য, তদন্তে বন দফতর!

জঙ্গলে ৫ বিরল প্রাণী! ওরাংওটাং ঘিরে রহস্য, তদন্তে বন দফতর

বালেশ্বর: উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের বিচিত্রপুর জঙ্গলে একসঙ্গে পাঁচটি অচেনা প্রাণীর সন্ধান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাণীগুলি দেখতে অনেকটা ওরাংওটাংয়ের মতো হওয়ায় এলাকায় দ্রুত গুজব ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই জঙ্গলের আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের মধ্যে অচেনা প্রাণীগুলিকে দেখতে পান কয়েকজন বাসিন্দা।

গাছপালার মধ্যে তাদের চলাফেরা দেখে প্রথমে বিস্মিত হন তাঁরা। পরে প্রাণীগুলি ওরাংওটাং বলে দাবি ছড়িয়ে পড়তেই ঘটনাটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পরে পাঁচটি প্রাণীকেই নিরাপদে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাদের শারীরিক অবস্থা ও প্রজাতি শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে ঘটনাকে ঘিরে মূল রহস্য এখনও কাটেনি। ভারতীয় জঙ্গলে ওরাংওটাং স্বাভাবিকভাবে দেখা যায় না। ফলে বিচিত্রপুরের মতো প্রত্যন্ত জঙ্গলে একসঙ্গে পাঁচটি এমন প্রাণী কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রাণীগুলি সত্যিই ওরাংওটাং, নাকি দেখতে একই রকম অন্য কোনও প্রজাতির প্রাণী তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

যদি এগুলি সত্যিই ওরাংওটাং হয়, তাহলে তাদের এখানে কে বা কারা নিয়ে এসেছিল, সেই প্রশ্নও সামনে এসেছে।

বন দফতরের তদন্ত ও প্রাণীগুলির স্বাস্থ্য ও প্রজাতি শনাক্তকরণের রিপোর্ট সামনে এলেই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।

আপাতত প্রাণীগুলির নিরাপত্তার দিকে নজর রাখছেন বনকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here