প্রথমবার রাইফেল হাতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বার্তা ‘দেশের প্রতিটি মেয়ে হোক আত্মনির্ভর ও নির্ভীক’!

আসানসোল: প্রথমবারের মতো হাতে রাইফেল তুলে নিয়ে প্রাথমিক নিশানাবাজির প্রশিক্ষণ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

রবিবার আসানসোল রাইফেল ক্লাব পরিদর্শনে গিয়ে তিনি রাইফেল ব্যবহারের নিয়ম, লক্ষ্যভেদ ও নিরাপদে গুলি চালানোর বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ নেন।

প্রশিক্ষণ শেষে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মন্ত্রী বলেন, “আগে আমি রাইফেলকে খুব ভয় পেতাম। তবে কলকাতা পুলিশের দুর্গা বাহিনীর মহিলা সদস্যদের রাইফেল হাতে দায়িত্ব পালন করতে দেখা ও ভারতীয় সেনাবাহিনীর মহিলা জওয়ানদের সাহসিকতা আমাকে অনুপ্রাণিত করেছে।”

তিনি জানান, প্রথম রাইফেল প্রশিক্ষণের অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

একই সঙ্গে তিনি দেশের তরুণীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “আমি চাই দেশের প্রতিটি মেয়ে আত্মবিশ্বাসী, নির্ভীক ও আত্মনির্ভর হয়ে উঠুক। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করে দেশ-বিদেশে ভারতের নাম উজ্জ্বল করুক।”

অগ্নিমিত্রা পাল আরও বলেন, নারীর ক্ষমতায়ন শুধু শিক্ষা বা কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়; আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসও সমানভাবে গুরুত্বপূর্ণ।

তাই তরুণীদের খেলাধুলার পাশাপাশি নিশানাবাজির মতো ক্রীড়াক্ষেত্রেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিন আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি ভি. কে. ঢল-সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পাশাপাশি ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্পর্কে তাঁকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here