শুরু জাতীয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা, অংশ নিলেন ২০৪ জন আধিকারিক ও জওয়ান
মালদা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগকে সামনে রেখে খেলাধুলার প্রসারে এবার জাতীয় স্তরের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করল সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত মালদা সেক্টরের উদ্যোগে মালদার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।
দেশের বিভিন্ন প্রান্তের বিএসএফ ফ্রন্টিয়ার থেকে মোট ২০৪ জন আধিকারিক ও জওয়ান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা, জেলাশাসক রাজনবীর সিং, পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ বিএসএফের একাধিক আধিকারিক।
আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে প্রতিযোগিতার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে জওয়ানদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বজায় রাখার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিএসএফ কর্তৃপক্ষের মতে, বর্তমান ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে মানুষের মধ্যে মানসিক চাপ ও হতাশা ক্রমশ বাড়ছে।
প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বার্তাই আরও ছড়িয়ে দিতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।















































