শিলিগুড়ি মহকুমা পরিষদের অচলাবস্থা কাটানোর দাবিতে ১০ সেপ্টেম্বর স্মারকলিপি কৃষক সভার!

শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা পরিষদের বর্তমান অচলাবস্থা কাটানো ও কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আগামী ১০ সেপ্টেম্বর মহকুমা পরিষদে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে সারা ভারত কৃষক সভার দার্জিলিং জেলা কমিটি। এই কর্মসূচিকে সামনে রেখে অনিল বিশ্বাস ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কর্মসূচির বিস্তারিত রূপরেখা তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার দার্জিলিং জেলা কমিটির সম্পাদক ঝরেন রায়, শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি তাপস সরকার ও বর্ষীয়ান নেতা সমন পাঠক।

কৃষক সভার অভিযোগ, বর্তমানে শিলিগুড়ি মহকুমা পরিষদের উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজকর্ম কার্যত থমকে রয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন, কৃষক ও খেতমজুরদের অধিকার সহ গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে যথাযথ নজর দেওয়া হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষ ও কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সংগঠনের দাবি, মহকুমা পরিষদের অচলাবস্থার কারণে গ্রামের মানুষ তাঁদের প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অতীতে মহকুমা পরিষদ যেভাবে গ্রামীণ এলাকার উন্নয়ন ও কৃষকদের কল্যাণে কাজ করত, বর্তমানে সেই কাজকর্ম অনেকটাই থমকে গিয়েছে। দ্রুত এই অচলাবস্থা কাটিয়ে পঞ্চায়েত স্তর থেকে মহকুমা পরিষদ পর্যন্ত প্রশাসনিক কাজকর্মে গতি ফেরানোর দাবি জানানো হয়েছে।

কৃষক ও খেতমজুরদের বিভিন্ন সমস্যা নিয়ে সাত দফা দাবি সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর শিলিগুড়ি মহকুমা পরিষদে স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই কর্মসূচিতে কৃষক, খেতমজুর এবং সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন।

কৃষক সভার নেতৃত্বের বক্তব্য, কৃষক ও শ্রমিক সমাজ বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তাঁদের বিভিন্ন দাবি ও অধিকার নিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি মহকুমা পরিষদের প্রশাসনিক অচলাবস্থা দ্রুত কাটিয়ে সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিক করার দাবিও জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here