প্রশাসক দায়িত্ব নেওয়ার পরই কড়া বার্তা, এসএফ রোডে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পৌরনিগম!

শিলিগুড়ি: মেয়রের ইস্তফার পর শিলিগুড়ি পৌরনিগমে প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরজুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান শুরু হয়েছে।

সেই ধারাবাহিকতায় শনিবার এসএফ রোডে একটি হোটেলের সামনে নালার ওপর গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে দেয় পৌরনিগম। বুলডোজার চালিয়ে সরিয়ে ফেলা হয় দখল করা অংশ।

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, হোটেলের সামনে নালার ওপর অবৈধভাবে স্ল্যাব বসিয়ে দখল করা হয়েছিল।

এর ফলে নালা পরিষ্কার ও আবর্জনা অপসারণের কাজে বারবার সমস্যার মুখে পড়ছিলেন সাফাইকর্মীরা।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও একাধিক অভিযোগ জমা পড়ে।

অভিযোগের ভিত্তিতে নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস পাঠানো হয়।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও অবৈধ অংশ সরানো না হওয়ায় শনিবার পৌরনিগম অভিযান চালিয়ে বুলডোজারের সাহায্যে সেই নির্মাণ ভেঙে দেয়।

অভিযানের সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল এবং গোটা অভিযান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

এদিন অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের নবনিযুক্ত কমিশনার বীর বিক্রম রাই-সহ পৌরনিগমের অন্যান্য আধিকারিকরা।

তাঁরা অভিযান তদারকি করেন এবং অবৈধ দখলমুক্ত করার কাজ পর্যবেক্ষণ করেন।

অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার বীর বিক্রম রাই জানান, শহরের যেখানেই অবৈধ নির্মাণ বা দখলের অভিযোগ পাওয়া যাবে, সেখানেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ নির্মাণের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here