পরিচারিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
নৈহাটি: অসুস্থ অবসরপ্রাপ্ত রেলকর্মী ও তাঁর বোনের বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি টাকা আত্মসাৎ এবং বাড়িতে রাখা একাধিক সোনার গয়না নিয়ে নেওয়ার অভিযোগ উঠল পরিচারিকার বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটির ২৭ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন রেলওয়ে কোয়ার্টার এলাকায়।
নৈহাটি স্টেশন সংলগ্ন ১৬৭/A নম্বর কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করতেন অবসরপ্রাপ্ত রেলকর্মী বিশ্বনাথ চক্রবর্তী ও তাঁর বোন শিখা চক্রবর্তী।
পরিবারের অভিযোগ, প্রায় চার বছর ধরে অসুস্থ বিশ্বনাথবাবু ও তাঁর বোনের দেখভালের জন্য পরিচারিকার কাজ করতেন কাঁচরাপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাবুব্লক এলাকার বাসিন্দা বর্ণালী মৃধা।
পরিবারের দাবি, পরিচারিকা হলেও বর্ণালীকে পরিবারের সদস্যের মতোই বিশ্বাস করতেন তাঁরা।
অসুস্থতার কারণে বিশ্বনাথবাবুর পক্ষে স্বাভাবিকভাবে চলাফেরা করা ও নিজে ব্যাংকের লেনদেন করা সম্ভব হত না।
সেই কারণে বর্ণালীর হাতে এটিএম কার্ড ও স্বাক্ষর করা চেকবই তুলে দিয়েছিলেন তিনি।
অভিযোগ, সেই বিশ্বাসের সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত রেলকর্মীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা শুরু করেন বর্ণালী।
পরিবারের দাবি, বিশ্বনাথ চক্রবর্তীর সারা জীবনের সঞ্চয় থেকে প্রায় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
শুধু ব্যাংকের টাকা নয়, তাঁর বোন শিখা চক্রবর্তীর গচ্ছিত একাধিক সোনার অলংকারও নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পরিচারিকার বিরুদ্ধে।
পরিবারের আরও অভিযোগ, এই কর্মকাণ্ডে বর্ণালী মৃধাকে তাঁর স্বামী শম্ভু মৃধা সহযোগিতা রয়েছে।
ঘটনার বিষয়টি সামনে আসার পর নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে নৈহাটি থানার পুলিশ।
ইতিমধ্যেই বর্ণালী মৃধা ও তাঁর স্বামী শম্ভু মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
তাঁদের জিজ্ঞাসাবাদ করে টাকা ও সোনার গয়না কোথায় রয়েছে ও এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত চলছে।















































