উত্তরবঙ্গের সাঁতারকে এগিয়ে নিতে উত্তরবঙ্গব্যাপী প্রতিযোগিতা!

৪৩টি ইভেন্টে অংশগ্রহণ প্রায় ৮০ সাঁতারুর, অলিম্পিকের স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা

বালুরঘাট: উত্তরবঙ্গে সাঁতারকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে বালুরঘাটে আয়োজন করা হল উত্তরবঙ্গব্যাপী সাঁতার প্রতিযোগিতার।

রবিবার বালুরঘাট পুরসভার সুইমিং পুলে দক্ষিণ দিনাজপুর সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগিতার সূচনা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক ক্লাব ও সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতায় মোট ৪৩টি ইভেন্ট রাখা হয়েছে।

ছেলে ও মেয়ে মিলিয়ে ইতিমধ্যেই প্রায় ৮০ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আরও প্রতিযোগী প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

দক্ষিণ দিনাজপুর সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃন্ময় কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে সাঁতার কিছুটা অবহেলিত।

সেই পরিস্থিতি বদলে সাঁতারকে আরও জনপ্রিয় করে তোলা ও প্রতিভাবান সাঁতারুদের সামনে তুলে ধরার লক্ষ্যেই প্রথমবার এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী দিনে আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

উদ্যোক্তাদের লক্ষ্য শুধু স্থানীয় বা রাজ্যস্তরে নয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও উত্তরবঙ্গের সাঁতারুদের জায়গা করে দেওয়া।

২০৩৬ সালে ভারতে অলিম্পিক আয়োজনের সম্ভাবনাকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকেও ভবিষ্যতে কোনও সাঁতারু যাতে অলিম্পিকের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন, সেই স্বপ্ন নিয়েই তাঁরা এগোতে চান বলে জানিয়েছেন আয়োজকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here