বৃদ্ধ মা-বাবাকে শেষ দেখা দেখানো হল
নদিয়া: অবশেষে কৃষ্ণনগরের পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহর কফিনবন্দি মরদেহ ফিরল তাঁর ষষ্ঠীতলার বাড়িতে।
গত ১৯ সেপ্টেম্বর মানাসলু শৃঙ্গ জয়ের অভিযানে গিয়ে তুষারধসে চাপা পড়ে মৃত্যু হয় কৃষ্ণনগরের এই পর্বতারোহীর। তাঁর সঙ্গে থাকা এক শেরপাও ওই দুর্ঘটনায় প্রাণ হারান।
ঘটনার পরদিন, ২০ সেপ্টেম্বর নেপাল সরকারের মাধ্যমে ধ্রুবজ্যোতি গুহর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছয়।
তবে বৃদ্ধ মা-বাবার কথা মাথায় রেখে এতদিন তাঁদের ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি। অবশেষে এদিন কফিনবন্দি মরদেহ বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।
মরদেহ বাড়িতে পৌঁছতেই অসংখ্য মানুষ শেষবারের মতো ধ্রুবজ্যোতিকে দেখতে তাঁর বাড়িতে ভিড় করেন। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়-সহ স্থানীয় বাসিন্দারা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এদিন বৃদ্ধ মা-বাবাকেও তাঁদের মৃত ছেলেকে শেষবারের মতো দেখানো হয়।
পরিবারের বাড়িতে শেষ শ্রদ্ধা জানানোর পর ধ্রুবজ্যোতি গুহর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর ছোটবেলার স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। সেখানে শিক্ষক, পড়ুয়া, প্রাক্তন ছাত্র ও স্থানীয়রা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
এরপর কফিনবন্দি মরদেহ নবদ্বীপ শ্মশানের উদ্দেশে রওনা দেয়। সেখানেই ধ্রুবজ্যোতি গুহর শেষকৃত্য সম্পন্ন হবে।















































