মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের শক্তিপুর থানার পাঠকপাড়া এলাকায় এক নববিবাহিত যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যদের লাগাতার মানসিক হেনস্থা, অপমান ও লাঞ্ছনার জেরেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই যুবক।
চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তাঁর মৃত্যু হয়।
মৃত যুবকের নাম ছোটন ঘোষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুলাই পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়।
কিন্তু বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর নিজস্ব বাড়ি না থাকা ও মামার বাড়িতে বসবাস করা নিয়ে বিভিন্ন সময় অপমান ও মানসিকভাবে হেনস্থা করতেন বলে অভিযোগ।
পাশাপাশি, কনে নাবালিকা হওয়ার অভিযোগ তুলে শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে যান বলেও দাবি মৃতের পরিবারের।
পরিবারের অভিযোগ, এই ঘটনাগুলির জেরে মানসিকভাবে ভেঙে পড়েন ছোটন ঘোষ।
এরপর ৯ জুলাই তিনি বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে শক্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে চিকিৎসকরা তাঁকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।
সেখানে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
পরিবারের দাবি, মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোটন ঘোষ একটি বয়ান দিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি ঘটনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।















































