কন্টেইনারের ধাক্কায় পাঁচ গাড়ির সংঘর্ষ, গুরুতর জখম বাইক চালক!

রাজগঞ্জ: রবিবার দুপুরে শিলিগুড়ি- জলপাইগুড়ি জাতীয় সড়কের গন্ডারমোড় ট্রাফিক পয়েন্টে ভয়াবহ পথ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

একটি দ্রুতগতির কন্টেইনারের ধাক্কায় আসামি বহনকারী একটি প্রিজন ভ্যান-সহ মোট পাঁচটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন এক বাইক চালক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে একটি প্রিজন ভ্যান আসামিদের নিয়ে জলপাইগুড়ি আদালতের উদ্দেশ্যে যাচ্ছিল।

রাজগঞ্জের গন্ডারমোড় ট্রাফিক সিগন্যালে সেই সময় বেশ কয়েকটি গাড়ি ও বাইক দাঁড়িয়ে ছিল।

সিগন্যাল ছাড়ার পর যানবাহনগুলি চলতে শুরু করলে আচমকাই শিলিগুড়ির দিক থেকে আসা একটি কন্টেইনার দ্রুতগতিতে এসে সামনে থাকা গাড়িগুলিতে ধাক্কা মারে।

কন্টেইনারের ধাক্কায় পরপর পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এর মধ্যে একটি বাইক একটি গাড়ির নিচে চাপা পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বাইক চালককে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্ট, ভোরের আলো থানা ও রাজগঞ্জ থানার পুলিশ।

দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলি সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করা হয়।

কীভাবে দুর্ঘটনাটি ঘটল ও কন্টেইনারটির গতি কত ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here