কলকাতা: মঙ্গলবার সকাল সকাল কলকাতায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের একাধিক ঠিকানায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
কসবা, হাইল্যান্ড পার্ক সহ হিন্দুস্তান পার্কের ঠিকানায় তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
ইন্দ্রনীল সেনের পাশাপাশি তাঁর এক আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।
সব মিলিয়ে কলকাতার প্রায় ১০টি জায়গায় মঙ্গলবার সকালে একযোগে অভিযান শুরু করেছে ED।
তদন্তকারী সংস্থা সূত্রে অভিযোগ, একটি সংস্থার মাধ্যমে বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের সঙ্গে ইন্দ্রনীল সেনের যোগসূত্র রয়েছে।
সেই আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে সূত্রের দাবি।
মঙ্গলবার সকাল থেকেই একাধিক ঠিকানায় ED আধিকারিকদের উপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা।
তল্লাশি শেষে তদন্তকারী সংস্থার তরফে কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।















































