হুমায়ুন কবীরের কুশপুত্তলিকায় জুতোর মালা, প্রতীকী কবর দিয়ে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ!

দুর্গাপুর: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হুমায়ুন কবীরের বিরুদ্ধে মৃত্যু কামনার অভিযোগ তুলে দুর্গাপুরে প্রতিবাদে সরব হল বিজেপি যুব মোর্চা।

মঙ্গলবার সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে খাটে শুইয়ে হুমায়ুন কবীরের কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা।

হাতে কালো পতাকা নিয়ে কুশপুত্তলিকা ঘিরে স্লোগান দিতে দিতে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করেন তাঁরা। এরপর কুশপুত্তলিকায় জুতোর মালা পরানো হয়। পরে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কুশপুত্তলিকাকে প্রতীকীভাবে ‘কবর’ দেওয়া হয়।

বিজেপি যুব মোর্চার অভিযোগ, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়ে মৃত্যু কামনার মতো মন্তব্য গ্রহণযোগ্য নয়।

কেন এমন মন্তব্য করা হয়েছে, তার জবাব হুমায়ুন কবীরকে দিতে হবে বলে দাবি করেন আন্দোলনকারীরা। পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়।

বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, এই বিষয়ে ক্ষমা চাওয়া না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকারে করা হবে।

বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভম সিং বলেন, “রাজনীতিতে মতভেদ থাকবে, তর্ক-বিতর্ক হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। হুমায়ুন কবীরের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

পাশাপাশি তাঁকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। তা না হলে আগামী দিনে এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here