বাংলায় স্লিপার সেল তৈরির ছক!

জামাত-উল-মুজাহিদ্দিনের যোগের অভিযোগে রাজ্যের ৫ জায়গায় NIA তল্লাশি

কলকাতা: বাংলার মাটিতে স্লিপার সেল তৈরির পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদ্দিনের সঙ্গে যোগসূত্রের অভিযোগে এই অভিযান বলে জানা গিয়েছে।

অসমে দায়ের হওয়া একটি মামলার তদন্তের সূত্র ধরেই পশ্চিমবঙ্গে এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর।

দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, পূর্ব বর্ধমান, ডায়মন্ড হারবার-সহ রাজ্যের মোট পাঁচটি জায়গায় একযোগে অভিযান চালাচ্ছেন NIA আধিকারিকরা।

সূত্রের দাবি, বাংলায় স্লিপার সেল তৈরি ও সংগঠনের নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা সংক্রান্ত বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই নির্দিষ্ট কয়েকটি ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।

তল্লাশি চলাকালীন নথিপত্র, বৈদ্যুতিন সামগ্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

তবে অভিযানে এখনও পর্যন্ত কী কী উদ্ধার হয়েছে বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অসমের মামলার তদন্তের সঙ্গে পশ্চিমবঙ্গের এই তল্লাশির যোগসূত্র কী, অভিযুক্তদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগের ধরনই বা কী তা খতিয়ে দেখছেন NIA আধিকারিকরা। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here