নদিয়া: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভক্তদের ঢলে মুখর হয়ে উঠল নদিয়ার ঐতিহ্যবাহী শিবনিবাস মন্দির।
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জলাভিষেক করতে ভোর থেকেই হাজার হাজার শিবভক্তের সমাগমে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
রবিবার রাত থেকেই বহু পুণ্যার্থী নবদ্বীপের গঙ্গায় পবিত্র স্নান সেরে কাঁধে কাঁভার নিয়ে পদযাত্রায় শিবনিবাসের উদ্দেশ্যে রওনা দেন।
ভোর হতেই মন্দিরে জল ঢালার জন্য দীর্ঘ সারি তৈরি হয়।
‘বোল বাম’ ধ্বনি ও ভক্তিমূলক পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
অন্যদিকে, বিপুল ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ভক্তদের নির্বিঘ্নে দর্শন ও জলাভিষেকের জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
প্রতি বছরের মতো এবারও গোটা শ্রাবণ মাস জুড়েই শিবনিবাসে ভক্তদের এই ঢল অব্যাহত থাকবে বলে প্রশাসনের অনুমান।
বিশেষ করে শ্রাবণের শেষ সোমবারে লক্ষাধিক শিবভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে।
সেদিন নবদ্বীপ থেকে শিবনিবাস পর্যন্ত দীর্ঘ পথজুড়ে কাঁভারিয়া ভক্তদের পদযাত্রায় ভরে উঠবে এলাকা।















































