চোপড়া: ভারত সেবাশ্রম সংঘকে ৭৭ শতক জমি দান করলেন চোপড়ার বাসিন্দা বিশ্বনাথ পাল।
মঙ্গলবার চোপড়া রেজিস্ট্রি অফিসে জমি দানের প্রক্রিয়া সম্পন্ন হয়। জমি রেজিস্ট্রির কাজ শেষ হওয়ার পর ওই জমিতে পুজো-অর্চনার আয়োজন করা হয়।
জমিদাতা বিশ্বনাথ পালের ছেলে অয়ন পাল জানান, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নামে ওই ৭৭ শতক জমি রেজিস্ট্রি করা হয়েছে।
তাঁর কথায়, “জমি দান বা ভূমিদান সবচেয়ে বড় দান। আমাদের ধর্মে এটি একটি মহৎ কাজ। ভারত সেবাশ্রম সংঘকে জমি দিতে পেরে আমরা গর্বিত।”
অয়ন পাল আরও জানান, ওই জমিতে মন্দিরের পাশাপাশি স্কুল ও চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ভবিষ্যতে এলাকার মানুষের উপকারে এই জমি ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ।
তিনি চোপড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতদিন সংঘের অস্থায়ী কেন্দ্র ছিল ও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে হয়েছে।
এবার চোপড়ার বিশিষ্ট ব্যক্তি বিশ্বনাথ পাল সংঘকে জমি দেওয়ায় স্থায়ীভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
কার্তিক মহারাজ জানান, ওই জমিতে আগামী দিনে শিশুদের জন্য স্কুল, হোস্টেল ও চিকিৎসালয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী দুই বছরের মধ্যে কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।















































