বেআইনি মজুত ও কালোবাজারি রুখতে কড়া নজরদারি, বাজারে পুলিশ সুপার!

ইসলামপুর: নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বেআইনি মজুতদারি ও কালোবাজারি রুখতে ইসলামপুরে কড়া বার্তা দিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং।

শুক্রবার বিভিন্ন বাজার, পাইকারি মান্ডি, খুচরো দোকান ও গোডাউনে সরেজমিনে পরিদর্শন চালান তিনি।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মজুত ও বাজারদরের পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ সুপার।

চাল, ডাল, চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বেআইনিভাবে মজুত করে কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামের পরিস্থিতি তৈরি করা হলে কোনওভাবেই তা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করেন তিনি। নিয়মবহির্ভূত মজুতদারি বা কালোবাজারির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়েই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর ও মজুত পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। সরকারি নিয়ম মেনে খাদ্যসামগ্রীর সঠিক ডিস্ট্রিবিউশন ব্যবস্থা বজায় রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামপুরে এদিন সবজি বাজার-সহ বিভিন্ন গ্রোসারি দোকান ও গোডাউনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন রাকেশ সিং। খাদ্যসামগ্রীর মজুত, সরবরাহ এবং বিক্রির বিষয়ে তথ্য নেন তিনি।

একইসঙ্গে কোনও ব্যবসায়ী যাতে নিয়ম বহির্ভূতভাবে পণ্য মজুত না করেন, সে বিষয়েও সতর্ক করেন।

রাকেশ সিং বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর ও মজুত পরিস্থিতির উপর নজর রাখতে বিভিন্ন সরকারি দফতরকে নিয়ে টাস্ক ফোর্সের মাধ্যমে নজরদারি চলছে। সাধারণ মানুষের যাতে কোনওভাবে সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতেই এই অভিযান। বেআইনি মজুতদারি বা কালোবাজারির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here