দ্বিতীয় দিনেও শিলিগুড়ির রাস্তায় মিছিল, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি
শিলিগুড়ি: স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হলেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী কল্যাণ সংগঠনের সদস্যরা।
কর্মবিরতির দ্বিতীয় দিনেও বুধবার নিজেদের দাবিতে পথে নামেন কয়েকশো সাফাই কর্মী।
বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন তাঁরা।
বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি হিলকার্ট রোড হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে ফের বাঘাযতীন পার্কে এসে শেষ হয়।
মিছিল থেকে অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেও তাঁদের স্থায়ী করা হয়নি।
প্রতিদিন কাজের পরিমাণ ও দায়িত্ব বাড়লেও সেই তুলনায় পারিশ্রমিক বাড়েনি।
বিভিন্ন উৎসব, অনুষ্ঠান ও বিশেষ দিনেও কাজ করতে হলেও পর্যাপ্ত ছুটি পাওয়া যায় না বলে অভিযোগ তাঁদের।
সাফাই কর্মীদের দাবি, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম লাগাতার বাড়লেও তাঁদের বেতন দীর্ঘদিন ধরে অপরিবর্তিত। ফলে বর্তমান আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
পরিবারের দৈনন্দিন খরচ মেটাতে গিয়ে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও জানান তাঁরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কাজ করা কর্মীদের দ্রুত স্থায়ীকরণ ও বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
দাবি আদায়ে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা।















































