শিলিগুড়ি: মাদক পাচারে এবার নতুন কৌশল।
স্পিকার বক্সের ভেতরে বিশেষ গোপন চেম্বার তৈরি করে ব্রাউন সুগার পাচারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ভেস্তে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযান।
অভিযানে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় সাথে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর মেলে যে মালদা থেকে স্পিকার বক্সের ভেতরে ব্রাউন সুগার লুকিয়ে শিলিগুড়িতে আনা হচ্ছে।
মাটিগাড়ার পরিবহণ নগর বাসস্ট্যান্ড এলাকায় ওই মাদক সরবরাহের পরিকল্পনা ছিল।
সেই তথ্যের ভিত্তিতে এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ যৌথভাবে ফাঁদ পাতে।
অভিযানের সময় শিলিগুড়ির পরিবহণনগর বাসস্ট্যান্ডের একটি নির্জন স্থানে দুই সন্দেহভাজনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ।
তল্লাশি চালিয়ে মালদার বাসিন্দা সইদুল ইসলামের কাছ থেকে একটি স্পিকার বক্স উদ্ধার করা হয়।
স্পিকারটি খুলতেই তার ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ব্রাউন সুগারের একটি প্যাকেট উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, সইদুল ইসলাম মালদা থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে আসে।
অন্যদিকে, বিহারের কিশনগঞ্জের বাসিন্দা সচিন ঠাকুর ওই মাদকের চালান গ্রহণ করতে সেখানে উপস্থিত হয়েছিল।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান পুলিশের।
পুলিশের দাবি, ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের জেরে পাচারকারীরা এবার স্পিকার বক্সের ভেতরে গোপন চেম্বার তৈরি করে মাদক পাচারের নতুন কৌশল নিয়েছিল।
তবে সময়মতো অভিযানে নেমে সেই পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে।
মাটিগাড়া থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার তাঁদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে আরো খবর, আদালতে পুলিশ রিমান্ডে আবেদন জানিয়ে এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত ও মাদকের সরবরাহ চক্র কোন কোন রাজ্যে বিস্তৃত, তা খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্ত চলছে।















































