বাতিল একাধিক ট্রেন, পরিবর্তিত যাত্রাপথ – ঝাড়খণ্ড ও বিহারগামী ট্রেন চলাচলে প্রভাব
মালদা: গঙ্গার ভাঙনের জেরে ব্যাহত পূর্ব রেলের মালদা ডিভিশনের ট্রেন চলাচল।
মালদা ডিভিশনের অন্তর্গত ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার সাকরিগলি ও মহারাজপুরের মধ্যবর্তী এলাকায় গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন।
এর জেরে রেল পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, গঙ্গার ভাঙনের কারণে রেললাইনের নীচের মাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অংশে ট্রেন চলাচল নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় মেরামতি ও নিরাপত্তামূলক কাজ শুরু হয়েছে।
এই পরিস্থিতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঝাড়খণ্ড ও বিহারগামী ট্রেনগুলির উপর।
যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন নির্দিষ্ট গন্তব্যের পরিবর্তে অন্য স্টেশন পর্যন্ত চালানো হচ্ছে ও কয়েকটি ট্রেনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
হঠাৎ ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের কারণে সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রেল কর্তৃপক্ষের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ও রেললাইন মেরামতির কাজ শেষ করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।















































