চিতাবাঘের আতঙ্ক! চা বাগানে খাঁচা বসাল বনদপ্তর!

রাজগঞ্জ: রাজগঞ্জের শাকিরাজো এলাকায় চিতাবাঘের আতঙ্কে উদ্বেগ বাড়ছে।

গত কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘের উপস্থিতির আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার আমবাড়ি রেঞ্জের বনদপ্তর চা বাগানের মধ্যে খাঁচা বসিয়েছে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার একটি চা বাগান থেকে একটি গরুর মৃতদেহ উদ্ধার হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বন্যপ্রাণীর আক্রমণেই গরুটির মৃত্যু হয়েছে।

এর পরই চিতাবাঘের উপস্থিতির আশঙ্কা আরও জোরালো হওয়ায় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাগর রায় জানান, গত সপ্তাহে গরু নিয়ে বাড়ি ফেরার সময় একটি বাছুরের উপর চিতাবাঘ হামলার চেষ্টা করেছিল।

সেই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত পরিবারগুলি।

অনেক অভিভাবক ভয়ের কারণে সন্তানদের স্কুলে পাঠাতেও দ্বিধায় পড়েছেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বনদপ্তর ও রাজগঞ্জ থানার পুলিশ যৌথভাবে এলাকায় নিয়মিত টহল চালাচ্ছে।

পাশাপাশি মঙ্গলবার চা বাগানের মধ্যে খাঁচা বসানোর পাশাপাশি মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

অপ্রয়োজনীয়ভাবে জঙ্গল বা চা বাগানের ভেতরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আমবাড়ি রেঞ্জের বিট অফিসার ভূপেন্দ্রনাথ শীল জানান, আগের ঘটনার পর থেকেই এলাকায় নজরদারি চালানো হচ্ছে।

সোমবার একটি গরুর মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে বাঘের আক্রমণের সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।

সেই কারণেই চিতাবাঘ ধরতে খাঁচা বসানো হয়েছে ও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here