পাচারের পরিকল্পনা খতিয়ে দেখছে পুলিশ
শিলিগুড়ি: মাদক পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ।
শিলিগুড়ির ছোট ফাঁপড়ি সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে ওই মহিলার কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে ওই এলাকায় মাদক হাতবদলের পরিকল্পনার খবর পাওয়া যায়।
সেই তথ্যের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির পুলিশ ছোট ফাঁপড়ি সংলগ্ন এলাকায় নজরদারি শুরু করে।
সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক মহিলাকে। এরপর তাকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তার কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম দুবিরুন্নেসা।
সে ইসলামপুরের রামগঞ্জ এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে মাদকটি কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় তা সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত মহিলাকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করার কথা রয়েছে।















































