ইসলামপুর: ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের উৎপাত কমাতে তৎপর হল হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমে এই সমস্যার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে হাসপাতাল প্রশাসন। এরপরই ইঁদুর ধরতে মহিলা ওয়ার্ডে বসানো হয়েছে খাঁচা।
পাশাপাশি ওয়ার্ডের নোংরা আবর্জনা পরিষ্কার করে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই ইঁদুরের উৎপাত বাড়ছিল। এর ফলে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি তৈরি হয়েছিল। বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরার পরই সমস্যার সমাধানে উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ।
ইঁদুরের উৎপাত নিয়ন্ত্রণে মহিলা ওয়ার্ডে খাঁচা বসানোর পাশাপাশি পরিষ্কার- পরিচ্ছন্নতার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে আগের তুলনায় ইঁদুরের উৎপাত অনেকটাই কমেছে বলে দাবি রোগীর পরিজনদের।
অন্যদিকে, হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের উৎপাত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে আগামী দিনেও নিয়মিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার নিসার হুসেন শাহ।














































