ট্রাকচালককে মারধর ও তোলাবাজির অভিযোগ, ঘটনার আবহেই সঞ্জয় বিশ্বাসকে দলীয় সমস্ত দায়িত্ব থেকে সরাল বিজেপি!

ট্রাকচালককে মারধর ও তোলাবাজির অভিযোগ, ঘটনার আবহেই সঞ্জয় বিশ্বাসকে দলীয় সমস্ত দায়িত্ব থেকে সরাল বিজেপি

শিলিগুড়ি: নৌকাঘাট সংলগ্ন তিনবাত্তি মোড়ে ভিনরাজ্যের চালবোঝাই ট্রাক আটকে চালককে মারধর ও তোলাবাজির চেষ্টার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়ের মধ্যেই বড় পদক্ষেপ বিজেপির।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওবিসি মোর্চার শিলিগুড়ি জেলা সম্পাদক সঞ্জয় বিশ্বাসকে দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা নেতৃত্ব। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দলের সমস্ত কর্মসূচি ও কার্যক্রম থেকে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডলের একটি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সঞ্জয় বিশ্বাসের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের নির্দেশিকার অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে।

সম্প্রতি তিনবাত্তি মোড় এলাকায় একটি ভিনরাজ্যের চালবোঝাই ট্রাক আটক করে চালককে মারধর ও তোলাবাজির চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস-সহ মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

ইতিমধ্যেই এই ঘটনায় অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহ নামে দু’জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার তাঁদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সঞ্জয় বিশ্বাসকে দলীয় সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here