শিলিগুড়ি: ক্যান্সারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করা রোগীদের মনে আশা, ভালোবাসা ও সাহস জোগাতে মঙ্গলবার পালিত হল বিশ্ব গোলাপ দিবস।
প্রতি বছর ২২ সেপ্টেম্বর বিশ্বজুড়ে এই দিনটি ক্যান্সার রোগীদের পাশে থাকার বার্তা নিয়ে পালন করা হয়।
গোলাপকে ভালোবাসা, আশা ও জীবনের প্রতীক হিসেবে তুলে ধরে রোগীদের মানসিকভাবে শক্ত থাকার বার্তা দেওয়া হয়।
বিশ্ব গোলাপ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিশেষ উদ্যোগ নিল সুমিতা ক্যান্সার সোসাইটি।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ সুশ্রুতনগরের সোসাইটির শাখায় আয়োজিত অনুষ্ঠানে মোট ৬০ জন ক্যান্সার রোগীর হাতে গোলাপ, চকলেট ও প্রোটিন পাউডার তুলে দেওয়া হয়।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও অনেক ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক।
চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিকভাবে শক্ত রাখা ও তাঁদের পাশে থাকার অনুভূতি তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই উদ্দেশ্যেই রোগীদের হাতে গোলাপ তুলে দিয়ে তাঁদের বোঝানো হয়, এই লড়াইয়ে তাঁরা একা নন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমিতা ক্যান্সার সোসাইটির সচিব এম. কে. ভট্টাচার্য, শ্রাবণী রায়, শিউলি চন্দ, প্রিয়াঙ্কা দে-সহ সোসাইটির অন্যান্য সদস্য ও সদস্যারা।
সোসাইটির সিনিয়র প্রোগ্রাম অফিসার লিপি ঘোষ রায় জানান, অনুষ্ঠানের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রতি সহমর্মিতা ও মানবিকতার বার্তা দেওয়া হয়।













































