ভোটের ময়দান থেকে প্রশাসনের অন্দরমহলে মিঠুন, নতুন দায়িত্বে ‘মহাগুরু’!

কলকাতা: বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে জোরদার প্রচারের পর এবার প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

রাজ্য সরকারের তরফে তাঁকে তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এর আগে তাঁকে সাংস্কৃতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছিল মিঠুনকে।

কলকাতা-সহ একাধিক এলাকায় তাঁর প্রচার ঘিরে তৈরি হয়েছিল রাজনৈতিক চর্চা। ভোটের পর এবার নতুন প্রশাসনিক ভূমিকায় দেখা যাবে ‘মহাগুরু’কে।

এদিকে চার দিনের উত্তরবঙ্গ সফরে বুধবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মিঠুন চক্রবর্তী।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি প্রসঙ্গে প্রশংসা করেন তিনি।

মিঠুনের কথায়, কারও জীবনে এমন বড় ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর মতে, এটি নিঃসন্দেহে একটি বিরাট সাফল্য।

বাগডোগরা থেকে সড়কপথে জলপাইগুড়ির চাপড়ামারি ফরেস্ট রেস্ট হাউসের উদ্দেশে রওনা দেন মিঠুন।

উত্তরবঙ্গ সফরে বন, পরিবেশ ও পর্যটন সংক্রান্ত একাধিক বিষয়ে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরে নাগরাকাটার বিধায়ক তথা পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান পুনা ভেংরা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা এবং রাজ্য সরকারের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাঁওয়ের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি।

আগামী ১০ অক্টোবর কলকাতায় ফেরার কথা মিঠুনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here