বিজেপির অভিনন্দন যাত্রা, সংবর্ধিত বিধায়ক অজয় রায়
কোচবিহার: রবিবার বুড়িরহাট বাজার ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজেপির অভিনন্দন যাত্রা।
কয়েক হাজার কর্মী ও সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা গেরুয়া আবির ও দলীয় পতাকায় উৎসবের পরিবেশে মেতে ওঠে।
এরপর বুড়িরহাট বেসিক স্কুল মাঠের পূর্ণানন্দ অধিকারী মুক্তমঞ্চে আয়োজিত সংবর্ধনা সভায় দিনহাটা দুই নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে স্থানীয় বিধায়ক অজয় রায়কে সংবর্ধনা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর মণ্ডল বিজেপির সভাপতি প্রদীপ বর্মন, জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, জাহ্নবী বর্মন, সঞ্জীব বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন বিভিন্ন স্তরের সাধারণ মানুষও বিধায়ককে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অজয় রায় বলেন, “বর্তমানে অনেকেই গেরুয়া আবির মেখে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণ করতে চাইছেন।
এই নতুন বিজেপিদের চিহ্নিত করতে হবে।” পাশাপাশি তিনি বিগত দিনের দুর্নীতির প্রসঙ্গ তুলে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে কটাক্ষ করেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বুড়িরহাটের এই কর্মসূচি এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করার বার্তা দিল।











































