কলকাতা: বিধায়কদের সই জালিয়াতি মামলার তদন্তে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- এর বাসভবনের বিপরীতে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হাজির হয় সিআইডির একটি বড় দল।
সূত্রের খবর, প্রায় ৩০ জন অফিসারের একটি দল ওই এলাকায় পৌঁছে রাস্তা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।
দীর্ঘ সময় বাগবিতণ্ডার পর শেষ পর্যন্ত কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালায় সিআইডি আধিকারিকরা।
তদন্তকারীদের দাবি, বিধায়ক সই জালিয়াতি সংক্রান্ত বিতর্কিত একটি চিঠি ও রেজোলিউশনের কাজ ওই কার্যালয় থেকেই পরিচালিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে, তল্লাশি চলাকালীন সিআইডি অফিসারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে।
সিআইডি আধিকারিকদের বক্তব্য, আইন অনুযায়ী নোটিস প্রদান করা হয়েছে ও অনুমতির অপেক্ষা ছাড়াও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার অধিকার রয়েছে তাদের।
এদিকে একই মামলায় আজ ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে।
জানা গেছে, এটি সই জালিয়াতি মামলায় সিআইডির তৃতীয় সমন।
যদিও আদালতে সময় চেয়ে আবেদন করেছেন তিনি ও বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।














































