শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার বৈকুণ্ঠপুর জঙ্গলে ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার পরিকল্পনাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে।
রবিবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন শিবনগর এলাকায় প্রকল্পস্থল পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও।
তাঁর সঙ্গে ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, এলাকার বিধায়করা সহ বন ও পর্যটন দপ্তরের আধিকারিকরা।
জানা গেছে, বৈকুণ্ঠপুর জঙ্গলের লাগোয়া প্রায় ১৪৩ হেক্টর জমির একটি অংশে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকল্প বাস্তবায়িত হলে প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করা হচ্ছে।
পরিদর্শনের সময় মন্ত্রী অবকাঠামো, সংযোগ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ ও পর্যটন উন্নয়নের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসনের আশা, পরিবেশের ভারসাম্য বজায় রেখে ইকো ট্যুরিজম পার্ক গড়ে উঠলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে।
এখন প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা।















































