‘আট বছর আরএসএস করেছি, সেই সংস্কৃতি আজও আমার মধ্যে রয়েছে’, কৃষ্ণেন্দুর মন্তব্যে শোরগোল, পাল্টা কটাক্ষ বিজেপির!

মালদা: ‘আট বছর আরএসএস করেছি। ওদের অফিসেও বসতাম। নেতাদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে। সেই সংস্কৃতি আমার ভেতরে রয়েছে।’

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে মালদার রাজনৈতিক মহলে। তাঁর মন্তব্যের পরই পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

সম্প্রতি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

অন্যদিকে, ইংরেজবাজার পুরসভার ১১ জন কাউন্সিলর নিজেদের নির্দল হিসেবে ঘোষণা করেছেন। ইতিমধ্যেই তাঁদের সমর্থনে চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ি।

পাশাপাশি, চারজন নির্দল কাউন্সিলর বর্তমান বোর্ডে বিজেপি কাউন্সিলরদের সঙ্গে হাত মিলিয়ে সিআইসি পদেও দায়িত্ব গ্রহণ করেছেন।

এই পরিস্থিতিতে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও তাঁর অনুগামীদের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আগামী বিধানসভা নির্বাচনে তিনি কোন রাজনৈতিক শিবিরের সঙ্গে থাকবেন, নাকি স্বতন্ত্রভাবে লড়াই করবেন, তা জানতে চাওয়া হলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, রাজনীতি তাঁদের নেশা।

সব দলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। আগামী নির্বাচনে পরিস্থিতি বুঝেই তিনি নির্বাচনে লড়বেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও জানান, কংগ্রেস হোক বা বিজেপি, এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। তিনিও কাউকে কোনও প্রস্তাব দেননি। সময় ও পরিস্থিতি বুঝেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এদিন লালকৃষ্ণ আদবানির প্রসঙ্গ টেনে কৃষ্ণেন্দু বলেন, আদবানির ১০০ বছর বয়স হয়েছে। ভারতবর্ষে তাঁর মতো নেতা খুব কমই রয়েছেন।

সেই কারণেই তিনি আদবানিকে নিয়ে পোস্ট করেছিলেন। নিজের রাজনৈতিক অতীত প্রসঙ্গে তাঁর দাবি, ছোটবেলা থেকেই তিনি আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন ও প্রায় আট বছর সংগঠনের সঙ্গে কাটিয়েছেন।

এমনকী, আরএসএসের কার্যালয়েও যাতায়াত ছিল তাঁর। সেই সময়ের সংস্কৃতি এখনও তাঁর মধ্যে রয়েছে বলেও দাবি করেন তিনি।

বর্তমানে আরএসএসের একাধিক নেতার সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে জানান কৃষ্ণেন্দু।

অন্যদিকে, কৃষ্ণেন্দুর আরএসএস-যোগের দাবি নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।

তাঁর বক্তব্য, কৃষ্ণেন্দু আরএসএস করতেন কি না, তা তাঁর জানা নেই। তবে বিজেপিতে যোগদান কিংবা যোগদানের প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা বা কথাবার্তা হয়নি।

অন্যদিকে, আরও কড়া ভাষায় কটাক্ষ করেছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা পুরসভার বর্তমান চেয়ারম্যান অম্লান ভাদুড়ি।

তিনি বলেন, তাঁর যখন থেকে জ্ঞান হয়েছে, তখন থেকে কোনওদিনই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে আরএসএস, সংঘ কিংবা বিজেপির সঙ্গে যুক্ত থাকতে দেখেননি।

এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, ‘দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছে। বর্তমানে কলিযুগ, দেখা যাক কী হয়।’

কৃষ্ণেন্দুর আরএসএস-যোগের দাবি ও বিজেপি নেতৃত্বের পাল্টা বক্তব্য ঘিরে ইংরেজবাজারের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

পুরসভার ক্ষমতার সমীকরণ বদলের পর এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here