বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৪-৫টি দোকান! অল্পের জন্য রক্ষা পেল মালগাড়ি!

হাওড়া: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি হল্ট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

শুক্রবার সকালে বাসস্ট্যান্ডের নিচে থাকা একটি বন্ধ দোকানে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে শুরু করে।

প্রথমে বিষয়টি নজরে আসে বালি ট্রাফিক পুলিশের। দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা খবর দেন বালি দমকল বিভাগে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।

দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, ওই এলাকায় পাশাপাশি প্রায় ১৪-১৫টি দোকান ছিল। দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হলেও এর মধ্যেই ৪ থেকে ৫টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের ঠিক পাশেই রয়েছে বালি স্টেশনের রেললাইন। সেখানে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়িও। তবে দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় মালগাড়িটি।

রেল আধিকারিকদের মতে, আগুন যদি রেলের ওভারহেড ইলেকট্রিক তার কিংবা সামনের সিগন্যাল বক্স পর্যন্ত ছড়িয়ে পড়ত, তাহলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত। এমনকী সম্পূর্ণভাবে ব্যাহত হতে পারত ট্রেন চলাচলও।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় সংশ্লিষ্ট মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here