শিলিগুড়ি: শিশুদের প্রতিভা বিকাশ ও তাদের মুখে হাসি ফোটাতে শিশু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল শিলিগুড়ি মহিলা থানা।
মহিলা থানা ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন, সাংস্কৃতিক নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে শিশুরা।
মহিলা থানার ওসি বিমলা কার্কি ছেত্রীর নেতৃত্বে গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহিলা থানার অন্যান্য পুলিশকর্মীরাও সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীল প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রং-তুলির মাধ্যমে নিজেদের কল্পনাকে ফুটিয়ে তোলে খুদে প্রতিযোগীরা।
অন্যদিকে, নাচ ও আবৃত্তি প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার পরিচয় দেয় অংশগ্রহণকারীরা।
প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া সমস্ত শিশুদের জন্য ছিল বিশেষ আপ্যায়নের ব্যবস্থা। তাদের হাতে তুলে দেওয়া হয় কেক, চিপস, বিস্কুট, চকোলেট-সহ বিভিন্ন উপহার সামগ্রী ও পেন্সিল।
পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকার অভিভাবক ও শিশুরা।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া ও তাদের প্রতিভাকে উৎসাহিত করার এই উদ্যোগে শিলিগুড়ি মহিলা থানার মানবিক ভূমিকার দিকটিও উঠে এল।














































