মহানন্দা-মহিষমারির মাঝে সূর্য আরাধনা! ছটপুজোয় নতুন সাজে উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির, ১৫০ ব্রতীকে ঘিরে বিশেষ আয়োজন!

শিলিগুড়ি: ছটপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে সেজে উঠছে শিলিগুড়ির সমরনগর।

মহানন্দা ও মহিষমারি নদীর মাঝে অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দিরকে ঘিরে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি।

গীতা দেবী ছট ঘাটে অবস্থিত এই মন্দিরে এবার প্রায় ১৫০ জন ব্রতী সূর্যদেবের আরাধনায় অংশ নেবেন।

তাঁদের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী বিহার থেকেও বহু ভক্তের সমাগমের প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।

প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় আবহের অনন্য মেলবন্ধনে সমরনগরের এই সূর্য মন্দিরের বিশেষ পরিচিতি রয়েছে।

একদিকে মহানন্দা, অন্যদিকে মহিষমারি নদী – দুই নদীর মাঝখানে অবস্থিত এই উপাসনাস্থল ছটপুজোর সময় কার্যত মিলনক্ষেত্রে পরিণত হয়। নদীর জলে দাঁড়িয়ে অস্তগামী ও উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হয় ছটব্রত।

এই মন্দিরের ইতিহাসও বেশ পুরনো। ১৯৯৬ সালে গীতা দেবী ছট ঘাটে প্রথম সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয়।

পরবর্তীতে ২০১৪ সালে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) উদ্যোগে মন্দিরটির পুনর্নির্মাণ করা হয়। এরপর থেকে প্রতিবছর ছটপুজোকে কেন্দ্র করে এই ঘাটের গুরুত্ব আরও বেড়েছে।

আগামী ১৫ ও ১৬ নভেম্বর ছটপুজো উপলক্ষে মন্দির চত্বরে একাধিক বিশেষ আয়োজন করা হয়েছে।

ইতিমধ্যেই ঘাট পরিষ্কার, রং করা, প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ শুরু হয়েছে।

সন্ধ্যা অর্ঘ্য থেকে পরদিন ভোরের ঊষা অর্ঘ্য পর্যন্ত ব্রতীরা যাতে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে পারেন, তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।

মন্দির কমিটির অধ্যক্ষ রমেশ সাহ জানান, এবছর প্রায় ১৫০ জন ছটব্রতী এখানে সূর্যদেবের আরাধনা করবেন।

পুজো উপলক্ষে যজ্ঞ, প্রসাদ বিতরণের পাশাপাশি শীতবস্ত্র ও কম্বল বিতরণের মতো সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শিলিগুড়ির পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ পার্শ্ববর্তী বিহার থেকেও বহু ভক্ত এই ঘাটে পুজো দিতে আসেন।

সব মিলিয়ে ধর্মীয় আচার -অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক উদ্যোগ ও প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধনে এবারের ছটপুজো ঘিরে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে সমরনগরে।

সন্ধ্যায় অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন ও পরদিন ভোরে উদীয়মান সূর্যের আরাধনার অপেক্ষায় এখন প্রহর গুনছেন ব্রতী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here