বোলপুর: রেশন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ পেয়ে এবার সরাসরি গ্রামবাসীদের দরজায় পৌঁছে গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে রেশন পরিষেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও অভিযোগ শোনেন তিনি। আর তাতেই সামনে এল রেশন সামগ্রী কম দেওয়া ও গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।
বোলপুরের বল্লভপুরডাঙা গ্রামে খাদ্যমন্ত্রীর কাছে গ্রামবাসীরা অভিযোগ করেন, এলাকার রেশন ডিলার তাঁদের প্রাপ্য চাল ও গমের পরিমাণ থেকে দুই, চার কিংবা পাঁচ কেজি পর্যন্ত কম দিতেন। শুধু তাই নয়, রেশন নিতে গেলে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও তোলেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শোনার পরই বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেন মন্ত্রী।
এদিন শুধু গ্রাম পরিদর্শনেই থেমে থাকেননি খাদ্যমন্ত্রী। বোলপুরের বিভিন্ন খাদ্য দফতরের গোডাউনেও আচমকা পরিদর্শন চালান তিনি। সেখানে মজুত চাল ও গমের পরিমাণ সাথে খাদ্যশস্যের গুণগত মান খতিয়ে দেখেন।
মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রেশন ব্যবস্থায় সাধারণ মানুষের প্রাপ্য নিয়ে কোনওরকম কারচুপি বরদাস্ত করা হবে না। আগামী দিনেও বিভিন্ন এলাকায় এভাবেই আচমকা পরিদর্শন চালানো হবে। রেশন সামগ্রী কম দেওয়া কিংবা অন্য কোনও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি রেশন ডিলারশিপের লাইসেন্সও বাতিল করা হবে।
খাদ্যমন্ত্রীর এই পদক্ষেপে রেশন ব্যবস্থায় অনিয়ম রুখতে প্রশাসনের কড়া অবস্থানের বার্তা গেল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।














































