কাটতে চলেছে বালি-জট, বৈধ বালিঘাট দ্রুত চালুর সিদ্ধান্ত প্রশাসনের!

আসানসোল: দীর্ঘদিন ধরে বালিঘাট বন্ধ থাকায় তৈরি হয়েছিল জটিলতা।

এবার সেই সমস্যা কাটাতে উদ্যোগী হল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।

বৃহস্পতিবার জেলাশাসকের দপ্তরে বিধায়ক ও বালিঘাট মালিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বৈধ বালিঘাটগুলি দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, একটি ট্রাক্টর বালির দাম সর্বোচ্চ ১২০০ টাকা নির্ধারণ করা হবে। নির্ধারিত দামের বেশি টাকা কোনও বৈধ বালিঘাট মালিক নিতে পারবেন না।

বালি উত্তোলন ও পরিবহণে যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবারের বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বিধায়ক লক্ষণ ঘড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্ট বালিঘাট মালিকরা।

বিধায়কদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই বৈঠক ডাকা হয়েছে। দীর্ঘদিন বালিঘাট বন্ধ থাকায় নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্র সমস্যার মুখে পড়ছিল। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বৈধ বালিঘাটগুলি দ্রুত চালু করে বালি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here