নদিয়া: গাড়িতে ‘PRESS’ স্টিকার লাগিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে এক যুবককে আটক করলেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুর এলাকায়। বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক যুবকের নাম শুভ দাস, বয়স আনুমানিক ২৮ বছর।
সে প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
অভিযোগ, গাড়িতে ‘PRESS’ স্টিকার লাগিয়ে ওই এলাকায় হেরোইন বিক্রির চেষ্টা করছিলেন সে।
বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তাঁরা ওই যুবককে আটকে রেখে নবদ্বীপ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভ দাসকে আটক করার পাশাপাশি ‘PRESS’ স্টিকার লাগানো গাড়িটিও থানায় নিয়ে যায়।
পুলিশের সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক তাঁর কাছে হেরোইন থাকার কথা স্বীকার করেছেন।
যদিও মাদক উদ্ধারের পরিমাণ বা ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
এই ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে, গাড়িতে ‘PRESS’ স্টিকার লাগালেই কি কেউ সাংবাদিক হয়ে যান?
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অনেককেই গাড়িতে ‘PRESS’ স্টিকার ব্যবহার করতে দেখা যায়।
তবে শুধুমাত্র গাড়িতে ‘PRESS’ লেখা থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত সাংবাদিক এমন কোনও নিশ্চয়তা নেই।
এই ধরনের স্টিকারের অপব্যবহার রুখতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
পাশাপাশি, সংবাদমাধ্যমের পরিচয় ব্যবহার করে কেউ যাতে বেআইনি কাজে যুক্ত হতে না পারেন, সে বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।















































