শিলিগুড়ি: খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে ফের অভিযান চালাল শিলিগুড়ি পৌর নিগম ও খাদ্য দপ্তর। শহরের বিভিন্ন হোটেল ও খাবারের দোকানের রান্নাঘরে তল্লাশি চালিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে।
অভিযান চলাকালীন শহরের একটি পরিচিত মিষ্টির দোকান ‘আরতি সুইটস’-এর শিরার মধ্যে আরশোলা পাওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি রান্নাঘর থেকে দীর্ঘদিন ধরে রাখা ক্ষীরও উদ্ধার করা হয়।
অন্যদিকে, একটি হোটেলের কিচেন থেকে পচা চিকেন ও মেয়াদ উত্তীর্ণ মশলা পাওয়া যায় বলে জানা গিয়েছে।
অভিযানের সময় খাবারের গুণমানের পাশাপাশি রান্নাঘরের পরিষ্কার- পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধিও খতিয়ে দেখেন আধিকারিকরা।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির প্রয়োজনীয় কাগজপত্রও পরীক্ষা করা হয়।
অনিয়মের অভিযোগ সামনে আসার পর সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে।
খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রান্নাঘর পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। প্রশাসনের এই অভিযানে শহরের খাবারের দোকানগুলিতে স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে সতর্কবার্তা পৌঁছেছে।















































