নিম্নচাপের জেরে উত্তাল দীঘার সমুদ্র, সৈকতে প্রবল জলোচ্ছ্বাস!

পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ, প্রশাসনের তরফে দফায় দফায় মাইকিং

পূর্ব মেদিনীপুর: নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে দীঘার সমুদ্র। শুক্রবার সকাল থেকেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে প্রবল ঢেউ ও জলোচ্ছ্বাস। তার জেরে দীঘার সৈকতে ক্রমশ বাড়ছে জলস্তর।

প্রবল ঢেউ আছড়ে পড়ছে সৈকতের গার্ডওয়ালে। অনেক জায়গায় গার্ডওয়াল টপকে জল উঠে আসছে সৈকত চত্বরে।

গার্ডওয়াল সংলগ্ন এলাকায়, যেখানে সাধারণত দোকানদাররা পসরা সাজিয়ে বসেন, সেখানেও জল ঢুকে পড়েছে। কোথাও কোথাও প্রায় এক কোমর পর্যন্ত জল জমেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক রয়েছে প্রশাসন।

সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৈকতে যাতে কেউ বিপজ্জনকভাবে সমুদ্রের কাছে না যান, সে বিষয়ে দফায় দফায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্রের ধারে না যাওয়া ও সতর্কতা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here