কুলগামে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, সংঘর্ষে খতম সিআরপিএফ হামলার মূলচক্রী লস্কর কমান্ডার লতিফ ভাট!

জম্মু-কাশ্মীর: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার লতিফ ভাট। সিআরপিএফ জওয়ানদের উপর হামলার আট দিনের মাথায় এই সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ওই হামলার সঙ্গে লতিফ ভাটের সরাসরি যোগসূত্র ছিল বলে তদন্তকারী সূত্রে দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, ১৮ নভেম্বর সকাল থেকেই কুলগাম জেলার একটি এলাকায় লতিফ ভাটের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকাটি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। একপর্যায়ে একটি মসজিদের ভিতরে আশ্রয় নেয় ওই জঙ্গি কমান্ডার। নিরাপত্তা বাহিনীর তরফে তাকে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেও সে তা প্রত্যাখ্যান করে। বরং বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।

সূত্রের খবর, আত্মসমর্পণে রাজি করাতে পুলিশ ভিডিও কলের মাধ্যমেও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তাকে নিরাপদে আত্মসমর্পণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি লতিফ। শেষ পর্যন্ত দীর্ঘ সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়। ভোররাত প্রায় ২টা ৪৫ মিনিটে নতুন করে সংঘর্ষ শুরু হয় বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় সিআরপিএফের একটি চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলার আগে লতিফ ভাট ও তার সহযোগী উমর নিসার দার একাধিক স্পর্শকাতর এলাকা ঘুরে রেইকি করেছিল বলে তদন্তে উঠে আসে। মীর বাজার, আখরান, হাবলিশ ও কিলম এলাকায় তাদের গতিবিধি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল বলেও সূত্রের দাবি।

এরপর থেকেই হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। সোমবারের অভিযানে লতিফের সহযোগী উমর নিসার দার নিহত হয়। সেই সময় লতিফ পালিয়ে যেতে সক্ষম হলেও শেষরক্ষা হল না। ৪৮ ঘণ্টার মধ্যেই পরবর্তী অভিযানে খতম হল সে।

কুলগামে ধারাবাহিক অভিযানে দুই জঙ্গির মৃত্যু নিরাপত্তা বাহিনীর কাছে বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িত অন্য কোনও সহযোগী বা নেটওয়ার্কের সন্ধানেও তল্লাশি অব্যাহত রয়েছে বলে সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here