শিলিগুড়ি: বেতন বৃদ্ধি ও নির্দিষ্ট সময়ে বেতন প্রদানের দাবিতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ দেখাল সিটুর দার্জিলিং জেলা কমিটি।
বৃহস্পতিবার ‘নির্মল বন্ধু’ প্রকল্পের অস্থায়ী সাফাই কর্মীদের নিয়ে পুরনিগম অভিযান করেন সিটু নেতৃত্ব।
আন্দোলনকারীদের অভিযোগ, বছরের প্রায় প্রতিদিনই কাজ করতে হলেও তাঁদের বেতন নিয়মিত সময়ে দেওয়া হয় না।
পাশাপাশি দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করলেও বেতন বৃদ্ধির বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
এই দাবিগুলিকে সামনে রেখে বৃহস্পতিবার সিটু নেতৃত্বের সঙ্গে ‘নির্মল বন্ধু’ প্রকল্পের অস্থায়ী সাফাই কর্মীরা পুরনিগম চত্বরে পৌঁছন।
সেখানে গেটের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুরনিগম চত্বরে ধর্নায় বসেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, সমস্ত অস্থায়ী সাফাই কর্মীর বেতন অবিলম্বে বৃদ্ধি করতে হবে এবং প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন প্রদান নিশ্চিত করতে হবে।
এদিন আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা শরদিন্দু চক্রবর্তী।
তিনি জানান, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেওয়ার পাশাপাশি শারদীয় উৎসবের প্রাক্কালে ধর্মঘটের পথেও যেতে পারেন তাঁরা।















































