একদিনের সফরে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন-সহ একাধিক কর্মসূচিতে যোগদান!

আলিপুরদুয়ার: একদিনের সফরে আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ছিল সাজ সাজ রব। বুধবার দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

সফরের শুরুতে লোকনাথপুর আশ্রম হস্টেল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি রাজ্যের ২৫০টি হস্টেলের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মতবিনিময় করার কর্মসূচি রয়েছে তাঁর।

এরপর ময়নাবাড়ি হাতিপোতা মোড়ে আদিবাসী জননায়ক বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন করবেন তিনি। পরবর্তীতে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের রায়ডাক গলফ কোর্সের মাঠে আয়োজিত জনজাতীয় গৌরব দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সভাস্থল-সহ বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন জেলাশাসক, পুলিশ আধিকারিক সহ প্রশাসনের শীর্ষ কর্তারা।

বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও, সাংসদ মনোজ টিগ্গা সভাস্থল পরিদর্শন করেছেন।

এদিনের অনুষ্ঠানে ৫০টি চা-বাগানের শ্রমিকদের অংশগ্রহণের কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে চা-শ্রমিকদের মধ্যেও বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে। অতীতে চা-শ্রমিকদের জন্য বোনাস ও বিভিন্ন ভাতার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ফলে এবারের সফরেও চা-শ্রমিক ও জনজাতি সম্প্রদায়ের জন্য নতুন কোনও ঘোষণা আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

একদিনের এই সফর ঘিরে আলিপুরদুয়ারের রাজনৈতিক ও সামাজিক মহলে এখন বিশেষ আগ্রহ। মুখ্যমন্ত্রীর কর্মসূচি থেকে কী বার্তা উঠে আসে, সেদিকেই নজর উত্তরবঙ্গবাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here