জঙ্গলে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান, ৬৭০টি সচল গ্রেনেড লঞ্চার সেল-সহ বিপুল বিস্ফোরক উদ্ধার!

অন্ধ্রপ্রদেশ: মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। অন্ধ্রপ্রদেশের রামপাচোদাভারাম জঙ্গল এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাওবাদী কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত সামগ্রী উদ্ধার করল পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।

অন্ধ্রপ্রদেশ স্পেশাল পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী জঙ্গলে তল্লাশি চালানোর সময় ৬৭০টি সচল ব্যারেল গ্রেনেড লঞ্চার (বিজিএল) সেল উদ্ধার করে। পাশাপাশি ৪২টি নন-ইলেকট্রিক ডেটোনেটর, ২৫০ গ্রাম গানপাউডার, ২৫টি কর্ডেক্স, ১২টি বিস্ফোরক রিং সহ সাতটি সচল কার্তুজ উদ্ধার হয়েছে।

এছাড়াও তল্লাশিতে ১৬টি খালি ৬২ মিমি মর্টার কেস, ছয় মিটার ফিউজ ও বেশ কিছু চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়েছে। জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা এই বিপুল পরিমাণ সামগ্রী নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে উদ্ধার হওয়া সামগ্রীগুলির সঙ্গে মাওবাদী কার্যকলাপের যোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এগুলির উৎস, ব্যবহারের উদ্দেশ্য ও মাওবাদীদের সঙ্গে প্রকৃত যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

জঙ্গলে লুকিয়ে রাখা বিপুল সংখ্যক সচল গ্রেনেড লঞ্চার সেল-সহ অন্যান্য বিস্ফোরক উদ্ধারকে মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here