আসামের পরিযায়ী শ্রমিককে অপহরণ করে হোটেলে আটকে রাখার অভিযোগ, পুলিশের অভিযানে উদ্ধার, গ্রেফতার তিন!

মালদহ: আসামের এক পরিযায়ী শ্রমিককে অপহরণ করে মালদহের চাঁচলের একটি হোটেলে আটকে রাখার অভিযোগ উঠল। আসাম পুলিশ ও চাঁচল থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে অপহৃত শ্রমিক মুস্তফা আলীকেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শুভাশীষ সাবু (৪১) কেরলাম রাজ্যের ইদুক্কি জেলার বাসিন্দা। অপর দুই ধৃত পার্থ মণ্ডল ও শুভ্র মণ্ডল মালদহের চাঁচল থানার অনুপনগরের বাসিন্দা। অপহৃত মুস্তফা আলী আসামের নওগাঁও জেলার হাইবারগাঁও থানা এলাকার বাসিন্দা।

পরিবারের পক্ষ থেকে হাইবারগাঁও থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মোবাইলের লোকেশন ট্র্যাক করে আসাম পুলিশ চাঁচলে তাঁর সন্ধান পায়। এরপর বুধবার রাতে আসাম পুলিশ ও চাঁচল থানার পুলিশ যৌথভাবে চাঁচলের একটি হোটেলে অভিযান চালায়। চাঁচল থানার পুলিশের সহযোগিতায় পার্থ মণ্ডল ও শুভাশীষ সাবুকে গ্রেফতার করা হয় ও উদ্ধার করা হয় মুস্তফা আলীকে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অনুপনগর থেকে শুভ্র মণ্ডলকেও গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি মুস্তফা আলী কেরলামে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। অভিযোগ, আসাম থেকেই তাঁর সহকর্মীরা তাঁকে অপহরণ করে বিভিন্ন হোটেলে আটকে রাখেন। শেষ পর্যন্ত চাঁচলের একটি হোটেল থেকে তাঁকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই অপহরণের ঘটনা বলে অনুমান পুলিশের। বৃহস্পতিবার ধৃত তিনজনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে আসামে নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here