ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখভান’, শুক্রবার দুপুরের আগেই স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা, ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া!

কলকাতা: শক্তি সঞ্চয় প্রক্রিয়া শেষ করে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আখভান’। আগামীকাল শুক্রবার দুপুরের আগেই ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কোনও একটি অঞ্চলে এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে সর্বোচ্চ ১০০ কিলোমিটার ও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০৫ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের প্রেস মিটে এই পূর্বাভাস জানিয়েছেন দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার মধ্যাহ্নের আগে অন্ধ্রপ্রদেশের নারসাপুর ও ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী কোনও একটি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে এর শক্তিক্ষয় হবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। সমতল এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ও উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা ও হাওড়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা। রবিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। কোনও জেলায় উল্লেখযোগ্য বৃষ্টি বা আগাম সতর্কতা নেই। বুধবার রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি বিচ্ছিন্ন মেঘপুঞ্জের কারণে শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার রাত থেকেই উত্তরবঙ্গের সমতল ও ডুয়ার্স এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির পাশাপাশি সপ্তাহের শেষভাগে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here